শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আ. লীগ: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার কিছু লাশ দরকার। আন্দোলনকে বেগবান করার নামে সহিংসতা ও প্রাণহানির পথ বেছে নিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) প্রাঙ্গণে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশের মদদে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। পাচার করা অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের বাড়িঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য প্রকাশিত হয়েছে। গ্রেপ্তার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির ফোনেও এ-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। প্রশাসন ও পুলিশ বিভাগের ভেতরে এখনো শেখ হাসিনার অনুসারীরা সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, তারেক রহমানের সরকার গুম, খুন কিংবা ক্রসফায়ারের পথে না হেঁটে দেশে স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদি রাজনীতিবিদ। জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন তিনি। অন্য কোনো পেশা বা পেশাগত পরিচয়ের কথা না ভেবে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সরকারের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক নেতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।























