বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা আটক
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ওই যুবলীগ নেতার নাম হাবিবুর রহমান। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এরআগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হাবিবুর রহমান… বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়দের দাবি… সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতার কয়েকজন তাকে কিল-ঘুষি মারেন।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হাবিবুর রহমানকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আটক যুবলীগ নেতার বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। যে কারণে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।























