বগুড়ার সোনাতলায় বাড়ির পরিত্যক্ত জমিতে সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন অনেকে
বগুড়ার সোনাতলায় বাড়ির পরিত্যক্ত জমিতে সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন অনেকে
বগুড়ার সোনাতলা উপজেলার পৌর এলাকার চমরগাছা (লাহিড়ী) পাড়ায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২২শে ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন।
তিনি বলেন,বাড়ির পাশে পরিত্যক্ত জমি ফেলে না রেখে সেখানে সবজি ও বিভিন্ন তরিতরকারির চাষাবাদ করলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে। পাশাপাশি উদ্বৃত্ত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে অতিরিক্ত আয় করা সম্ভব।
স্থানীয় বাসিন্দা মোঃ সাব্বির হোসেন জানান,আগে ধান চাষের পর অবসর সময় পার করতেন তিনি।পরে কৃষি অধিদপ্তরের পরামর্শে বাড়ির আশপাশের জমিতে লাউ, ঢেঁড়স, মূলা, কুমড়া, টমেটো, চালকুমড়া, পেঁপে ও বেগুনসহ বিভিন্ন সবজির চাষ শুরু করেন।
বর্তমানে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি করে বছরে প্রায় ৫০ হাজার টাকা অতিরিক্ত আয় করছেন তিনি। অংশগ্রহণকারী লাভলী আক্তার বলেন,উঠান বৈঠকের মাধ্যমে চাষাবাদ সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন। এছাড়া উপহার হিসেবে আম ও লেবুর চারা এবং সবজির বীজ পেয়ে তিনি আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভী, মোরসালিন হাসান, সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল ইসলাম,মানবাধিকার কর্মী ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার,উপজেলা কৃষি অধিদপ্তরের নয়ন চন্দ্র শীল,পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রাঙা,মাহমুদ হাসান,সাহাবুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ২০জন উপকারভোগীর মাঝে আম ও লেবুর চারা, বিভিন্ন সবজির বীজ এবং পুষ্টিগুণ সম্বলিত সবজি অঙ্কিত প্লেট বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন এসব সামগ্রী বিতরণ করেন।



















