জগন্নাথপুরের জহিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক ও জনবল সংকট,রোগীরা ভোগান্তিতে
রিয়াজ রহমান সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকট থাকায় স্বাস্থ্য সেবা নিতে আসা এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই স্বাস্থ্যকেন্দ্রটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র। কিন্তু এখানে নিয়মিত কোনো চিকিৎসক না থাকায় রোগীদের সঠিকভাবে চিকিৎসা পাওয়া সম্ভব হচ্ছে না। অনেক সময় রোগীরা এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এই নিয়ে ভুক্তভোগী ও সচেতন নাগরিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
এলাকাবাসী জানান, বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রটিতে কোন চিকিৎসক নেই। দুইজন সেবিকা দিয়ে চলছে সেবা কার্যক্রম। লোকবলের অভাবে প্রায় সময় স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার-হাজার সাধারণ মানুষ।
এছাড়া স্বাস্থ্য সহকারী, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় স্টাফেরও তীব্র অভাব রয়েছে। এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন গড়ের ৫০ থেকে ৬০ জন রোগী আসেন সেবা নিতে। যার ফলে সীমিত জনবল দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। জরুরি সেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা জানান, সামান্য চিকিৎসার জন্যও বাধ্য হয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেতে হচ্ছে, যা সময় ও খরচ দুটিই বাড়িয়ে দিচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক ও দরিদ্র রোগীরা বেশি কষ্টে পড়ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কৃপেশ রঞ্জন রায় বলেন, উপজেলার প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রের জনবল শূন্য থাকার বিষয় উদ্ধৃর্তন কর্তৃপক্ষ ও স্থানীয সংসদ সদস্যের নিকট তালিকা প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
























