গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি
সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জ পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তাদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও রয়েছেন।
সূত্র জানায়, পরিদর্শনকালে পুলিশ মহাপরিদর্শক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নেয়ার কথা রয়েছে।
এদিকে, গত কয়েকদিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
এদিকে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাত থেকেই বৃষ্টি হওয়ায় সকাল পযর্ন্ত জেলার কোথায়ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুর করার খবর পাওয়া যায়নি। তবে, জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া বাকি দোকানপাট বন্ধ রয়েছে।
শহরের প্রধান সড়কগুলো দিয়ে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েকদিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষর উপস্থিতিও কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা।























