বোমাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: বাংলাদেশ ন্যাপ
পতিত ফ্যাসীবাদী শক্তির মদদে বোমাবাজি, আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শীর্ষ নেতৃদ্বয় বলেছেন যে, ‘পতিত ফ্যাসিষ্ট সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব? এসব সন্ত্রাসের মাধ্যমে তারা কী অর্জন করতে চায়?’
রবিবার (১৫ নভেম্বর) বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।
তারা বলেন, ‘পতিত আ’লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার প্রশ্নে দেশে যে জাতীয় ঐক্য রয়েছে তাকে আরো সুদৃঢ় করতে হবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার আশায় তৃণমূলের কর্মীরা গিনিপিগের মতো ব্যবহৃত হচ্ছেন। পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়িয়ে শেষ পর্যন্ত এসব কর্মীকেই গ্রেফতার হয়ে জেলের ভাত খেতে হবে। তাই অর্থের বিনিময়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ডে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে তৃণমূলের নেতাকর্মীদেরও সচেতন থাকতে হবে।’
নেতৃদ্বয় বলেন, ‘জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হবার পরও আওয়ামী লীগ শিক্ষা গ্রহন করে নাই। এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়; বরং নিরীহ ও অরাজনৈতিক নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত— জাসদের সঙ্গে সরকারের সংঘাত-সংঘর্ষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সংঘাতের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই কল্যাণ বয়ে আনে না।’
তারা আরো বলেন, ‘আজ শেখ হাসিনা মানেই আতঙ্ক, শেখ হাসিনা মানেই সন্ত্রাসের প্রতীক। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের মাধ্যমে পুরনো পথেই হাঁটছে। ককটেল ফাটিয়ে বা গাড়ি পুড়িয়ে কোনো লাভ হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে অবশ্যই আইনি প্রক্রিয়া মেনেই আসতে হবে।’


























