রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় আরেক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে গোদাগাড়ী থানাধীন গোলাই গ্রামে জনৈক বাদশা মন্ডলের প্লট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: মধু মিয়া (৬২)। তিনি মহানগর রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ সকাল ৭টা ১০ মিনিটে গোদাগাড়ী থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নিয়োজিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোলাই গ্রামস্থ বাদশা মন্ডলের প্লটে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মোমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করেন। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মধু মিয়াকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির ডান পাশের টেমর হতে দুইটি নীল রংয়ের পলিথিনে রক্ষিত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় অপর অভিযুক্ত মোঃ মিলন হোসেন ওরফে বগা (৪৫), পিতা-আবুল কালাম আজাদ, সাং-পুরাতন কসবা, থানা-দামকুড়া, মহানগর রাজশাহী কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ১৮টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতসহ পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা করা হয়েছে।











