শিশু সন্তানকে নিয়ে ১৮ তলা থেকে লাফ দিলেন মা
ভারতের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ে ১৮ তলা ভবন থেকে পড়ে ৩৩ বছর বয়সি এক নারী ও তার ছয় বছর বয়সি ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। খবর এনডিটিভির শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থেরগাঁও-ওয়াকাড এলাকার সিগনেচার পার্ক আবাসিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম একতা ভাংদে (৩৩)। তার ছেলের নাম মাধব ভাংদে।
পরিবারটি গত দুই বছর ধরে ওই আবাসিক ভবনে বসবাস করছিল। তাদের মূল বাড়ি ভারতের রাজস্থান রাজ্যে। ভবনটির সপ্তম তলায় স্বামী মনোজ ভাংদে (৩৫), স্ত্রী একতা ও ছেলে মাধব থাকত। মনোজ ইয়েরওয়াড়া এলাকার একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যান মনোজ। এ সময় একতা ও মাধব বাসায় ছিল।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের একটি ডাক্ট থেকে বিকট শব্দ শুনে আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা নিচে ছুটে আসেন। সেখানে রক্তাক্ত অবস্থায় একতা ও মাধবকে পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওয়াকাড থানার পুলিশ।
পুলিশ ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায়, ঘটনার আগে একতা তার ছেলেকে নিয়ে লিফটে করে ১৮ তলায় গিয়েছিলেন। পরে ভবনের গ্যালারির রেলিংয়ের কাছে তাদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।


















