প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া সেই যুবক রিমান্ডে
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া সেই যুবক রিমান্ডে
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার ঘটনায় মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার (৭ সেপ্টেম্বর) তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়েন মুবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে তিনি নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে গাড়িবহরের মধ্যে ঢুকে পড়েন।
একপর্যায়ে মুবিন প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির বাঁ পাশের জানালার কাছে চলে যান। গাড়িটি চলন্ত অবস্থায় কালো কাচের জানালার পাশে এসে তাঁকে হাত উঁচিয়ে সালাম করতেও দেখা যায় ভিডিওতে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘটনাস্থলেই মুবিনকে আটক করে পুলিশ। পরে তাঁকে তেজগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটকের পর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানিয়েছিলেন, মুবিনের দেহতল্লাশি করে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। তবে নিরাপত্তাবেষ্টনী ভেঙে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ার ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেন তিনি।
ওসি আরও জানিয়েছিলেন, বরিশালের বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে মুবিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তাঁর গাড়িবহরে ঢুকে পড়ার কারণসহ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।












