সেনবাগের ইদিলপুরে বৃত্তি পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কার উদ্বোধন
সেনবাগের ইদিলপুরে বৃত্তি পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কার উদ্বোধন
নোয়াখালীর সেনবাগ উপজেলার ইদিলপুরে শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে ইদিলপুর ভূঁইয়া রোডের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়। ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক (সেনবাগ–সোনাইমুড়ি আংশিক আসন)।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়েকবারের শ্রেষ্ঠ করদাতা, এফবিসিসিআই’র সদস্য ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা প্রকৌশলী তামিম বিন জাহিদ এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী বাহার, নুর নবী বাচ্চু, সাহাদাত হোসেন খান সাধন, হারুনুর রশিদ, ছানা উল্লাহ, ঠিকাদার তুহিন, রাজু ও স্বপনসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন আমিন উল্লাহ আকরাম।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, গত ২৬ বছর ধরে এ বৃত্তি কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।










