যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেসে রেকর্ড সংখ্যক নারীর জয়জয়কার
যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর পরবর্তী কংগ্রেসে রেকর্ড সংখ্যক নারী সদস্য দায়িত্ব নিতে যাচ্ছেন। রাজনীতিতে নারীর এই ক্রমবর্ধমান উপস্থিতি ও সাফল্য মার্কিন আইনসভায় এক নতুন ইতিহাস তৈরি করেছে। সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিক্স (সিএডব্লিউপি) এবং সিএনএনের তথ্যানুযায়ী, দুই দল মিলিয়ে এবার ১৫৯ জন নারী নির্বাচিত হয়েছেন, যা প্রতিনিধি পরিষদ ও সিনেটে বর্তমানে থাকা নারী সদস্যের চেয়ে সাতজন বেশি।
প্রথমবারের মতো একজন আদিবাসী নারী সিনেটর, কলোরাডোর প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রতিনিধি এবং নেব্রাস্কার প্রথম হিস্পানিক নারী প্রতিনিধি হিসেবে স্থান করে নিয়েছেন।
আগামী জানুয়ারিতে ১২০তম কংগ্রেসের অধিবেশন শুরু হলে নারী প্রতিনিধিত্ব ৩০ শতাংশে পৌঁছাবে। তবে লিঙ্গসমতা অর্জন থেকে কংগ্রেস এখনো ১০০টি আসন দূরে রয়েছে। এই সাফল্য সর্বজনীন নয়। এটি মূলত ডেমোক্রেটিক দলের নারীদের মাধ্যমে অর্জিত এবং বেশির ভাগ জয় এসেছে প্রতিনিধি পরিষদে।
অন্যদিকে, সিনেটে নারী সদস্যের সংখ্যা কমে যাবে। দুই কক্ষেই রিপাবলিকান নারীদের আসন সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে।
কংগ্রেসের বাইরে অন্যান্য ক্ষেত্রেও নারীরা সাফল্য পেয়েছেন। অন্তত ১৭ জন নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন, যা একটি নতুন রেকর্ড। তাদের মধ্যে রয়েছেন জর্জিয়ার কেসি ল্যান্স বটমস, যিনি রাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়েছেন।
ইএমআইএলওয়াই’স লিস্টের প্রেসিডেন্ট জেসিকা ম্যাকলার এটিকে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন।
তবে এই জয়ের মধ্যেও ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিশাল ব্যবধান রয়ে গেছে। নতুন প্রতিনিধি পরিষদে অন্তত ১১৬ জন ডেমোক্র্যাট নারীর বিপরীতে রিপাবলিকান নারী রয়েছেন মাত্র ১৯ জন। রিপাবলিকান কৌশলবিদরা এটিকে সংকট হিসেবে উল্লেখ করে আগাম প্রার্থী বাছাই ও অর্থায়নের জোর তাগিদ দিয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বড় ব্যবধান থাকলেও, নীতিনির্ধারণের টেবিলে নারীদের এই বাড়তি উপস্থিতি স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার খরচের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সূত্র: সিএনএন























