ভয়াবহ সংকটে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল
যুদ্ধের মধ্যে ভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রা রিয়ালের দর নেমে গেছে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে। খাদ্যপণ্যের দামও গত এক বছরে বেড়েছে ১১২ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে সঞ্চয়ের অর্থ নিরাপদ রাখতে ডলার ও সোনা কিনছেন অনেক ইরানি।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, মূল্যস্ফীতি, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক অবরোধের চাপে ইরানের মুদ্রা রিয়ালের দর রেকর্ড পরিমাণ কমেছে। শনিবার (২৮ নভেম্বর) দেশটির মুদ্রাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম পৌঁছায় প্রায় ৩০ লাখ রিয়ালে। খোলাবাজারে মুদ্রা লেনদেন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্ট ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার দেশটিতে প্রতি ডলার বিক্রি হয়েছে প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে।
এর আগের দিন শুক্রবার ডলারের বিপরীতে এ দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। অন্যদিকে আলানচাঁদ ডটকমের তথ্য অনুযায়ী, প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে। আগের দিনের তুলনায় এ দাম বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।
রয়টার্স বলছে, গত ৯ মাস ধরে চলা ইরান যুদ্ধের প্রভাবে দেশটিতে কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়ছে।
যুদ্ধের মধ্যে গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে দেশটি ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দেয়। এর লক্ষ্য, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা সামগ্রীর চলাচল সীমিত করা।
এছাড়া ইরানের অর্থনীতি কার্যত তলিয়ে যাচ্ছে এবং দেশটির নেতারা আতঙ্কিত—চলতি সপ্তাহের শুরুতে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির গোপন ব্যাংকিং নেটওয়ার্কগুলো ব্যাহত করার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর তিনি এ কথা বলেন।
তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি শনিবার বলেছেন, আগামী কয়েক মাসের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ আমদানির অর্থ পরিশোধে দেশটির কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে।
তবে তিনি স্বীকার করেন, বৈদেশিক মুদ্রার বাজার শুধু অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে না; মানুষের মনস্তাত্ত্বিক অবস্থাও এতে প্রভাব ফেলে।
রাষ্ট্রীয় টেলিভিশনকে হেম্মাতি বলেন, ‘অর্থনীতি, মানুষের প্রত্যাশা ও রাজনীতিসহ নানা বিষয় বৈদেশিক মুদ্রার বাজারকে প্রভাবিত করে। বাজার স্থিতিশীল রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
এমন অবস্থায় সঞ্চয়ের অর্থ নিরাপদ রাখতে অনেক ইরানি এখন ডলার, অন্যান্য শক্তিশালী বিদেশি মুদ্রা কিংবা সোনা কিনছেন।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটিতে ভোক্তা পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। আর খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।
এর আগে গত আগস্টে ইরানের মুদ্রার দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তখন প্রতি ডলারের দাম ২০ লাখ রিয়ালের সীমা ছাড়িয়ে যায়। আর গত জুলাইয়ে পশ্চিম এশিয়ার এই দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৬৬ শতাংশ।























