পাঁচ বছর পর খালাস পেলেন মালয়ালম পরিচালক কৃষ্ণ
২০২২ সালে দায়ের হওয়া যৌন নিপীড়নের মামলায় খালাস পেয়েছেন মালয়ালম চলচ্চিত্র পরিচালক লিজু কৃষ্ণ। ভারতের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক কবিতা গঙ্গাধরন শনিবার (২৮ নভেম্বর) এ রায় দেন। যৌন সহিংসতাসংক্রান্ত মামলার বিচার পরিচালনাকারী আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, লিজু কৃষ্ণ ‘পদাভেট্টু’ চলচ্চিত্রের পরিচালক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নিভিন পলি। ২০২২ সালের ৬ মার্চ সিনেমাটির শুটিংয়ের শেষ দিনে ত্রিকাকারা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগকারী নারী ওই চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজে লিজু কৃষ্ণকে সহযোগিতা করেছিলেন। তার অভিযোগ ছিল, প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার যৌন নিপীড়ন করেছেন পরিচালক। এ বিষয়ে তিনি ফেসবুক পোস্টেও অভিযোগ তুলে ধরেন।
মামলার বিচার চলাকালে আদালতে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। পাশাপাশি ১৭টি নথি এবং আসামিপক্ষের দুজন সাক্ষীকে পরীক্ষা করা হয়। রায়ের পর প্রতিক্রিয়ায় লিজু কৃষ্ণ বলেন, শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে এবং তিনি ও তার পরিবার ন্যায়বিচার পেয়েছেন। আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরে সত্য প্রতিষ্ঠা করতে পেরেছেন বলেও জানান তিনি।
পরিচালকের দাবি, গত পাঁচ বছর তাকে ও তার পরিবারকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার বাবা স্থানীয় একটি দোকান চালাতেন। ঘটনার খবর শোনার পর তিনি বাড়ি ফিরে আর দোকানে যাননি। এমনকি তার বাবা-মা স্থানীয় কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানেও অংশ নেননি। বন্ধ ছিল তাদের বাড়ির সদর দরজাও। লিজু আরও দাবি করেন, এই সময়ে শিল্পী হিসেবে নিজের পেশাগত কাজ চালিয়ে যেতে পারেননি। চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গন থেকেও দূরে থাকতে হয়েছে তাকে। তার অভিযোগ, নিজের সিনেমার মুক্তি চাননি এমন এক নারী চলচ্চিত্র পরিচালক তাকে লক্ষ্যবস্তু করেছিলেন।

























