মৃত্যুর দৃশ্যে অভিনয় করার কথা ছিল, তার আগেই অভিনেতার মৃত্যু
জনপ্রিয় অভিনেতা সোহেল খান ‘নসীব’ সিনেমায় অভিনয় করছিলেন। এই সিনেমার শুটিংয়ে গিয়েই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ‘নসীব’ সিনেমায় সোহেল খান অভিনীত চরিত্রটির মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু সেই দৃশ্যের শুটিংয়ের আগেই মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গণে।
সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, চরিত্রটির মৃত্যুর দৃশ্যসহ সোহেল খানের আরও তিন-চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল।
সেগুলোর কাজ শেষ করে দুই-তিন দিনের মধ্যেই ঢাকায় ফেরার কথা ছিল। সিনেমাটির শেষ পর্যায়ের শুটিং চলছিল বগুড়ায়। বলিউড অভিনেতা মুকেশ ঋষি ও বাপ্পারাজের সঙ্গে এরই মধ্যে বেশ কয়েকটি দৃশ্যের শুটিংও করেছিলেন সোহেল খান। মঙ্গলবারও (২৪ নভেম্বর) তার শুটিং ছিল। সহকর্মীদের সঙ্গে সকালে নাশতাও করেছিলেন তিনি। সেটে যাওয়ার প্রস্তুতি নিতে নিজের কক্ষে ফেরার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।
দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সোহেল খানকে মৃত ঘোষণা করেন।
























