মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, নিহত ১৭
মিয়ানমারে একটি বিয়ে বাড়িকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই হামলার পর ঘটনাস্থলের ছবিতে অন্তত ছয়জনের মরদেহ দেখা গেছে। তবে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, নিহতের সংখ্যা ১৭ পর্যন্ত হতে পারে। খবর এনডিটিভির।
প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হামলার পর রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হচ্ছে। শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মো বাই এলাকার একটি গ্রামে এই হামলা চালানো হয়। এই এলাকায় বিপুলসংখ্যক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। পর্যবেক্ষক সংস্থা এসিএলইডির তথ্যমতে, এই সংঘাতে সব পক্ষ মিলিয়ে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
মো বাই শহরের মূল অংশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধীদলীয় সশস্ত্র বাহিনীগুলো সক্রিয় রয়েছে।
ওই প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আমি কাছাকাছি বিমান উড়ে যাওয়ার শব্দ শুনেছিলাম, কিন্তু ভেবেছিলাম তারা আমাদের এলাকায় বোমা ফেলবে না। এরপরই আমি বোমা বিস্ফোরণের শব্দ শুনি এবং যেখানে বিমান হামলা হয়েছে, সেখানে প্রচুর ধোঁয়া দেখতে পাই।’
তিনি আরও জানান, বোমাটি যে বাড়িতে আঘাত হানে, যেখানে দুজন বাস্তুচ্যুত মানুষের বিয়ের প্রস্তুতি চলছিল। সহায়তার উদ্দেশ্যে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সেখানে ১৭টি মরদেহ দেখতে পাই’। আরও অনেকেই আহত হয়েছেন।
অন্য গ্রামবাসীদের তোলা ছবিতে অন্তত ছয়টি মরদেহ দেখা গেছে, যার মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।

























