একযোগে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি গাজীপুর জিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার ও ঢাকার রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, ঢাকার পুলিশ টেলিকমের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং ঢাকা এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
অন্যদিকে সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর জিএমপির উপ-পুলিশ কমিশনার, ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এবং সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়াও প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তর ঢাকার (টিআর) পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), ঢাকা এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নের বিষয়ে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত এসব কর্মকর্তা আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরদিন ২৫ নভেম্বর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।























