মিয়ানমার রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় তদন্তে ব্যর্থ: আইসিজে
বিচারক ইউজি বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার ঘটনাগুলো নিয়ে মিয়ানমার আন্তরিকভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য প্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতেও দেশটি অস্বীকৃতি জানিয়েছে। তিনি জানান, মামলার প্রমাণ মূল্যায়নের সময় মিয়ানমারের এই অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়েছে আদালত।
মামলার রায় দিতে বিভিন্ন প্রমাণ ও সাক্ষীদের বক্তব্য বিবেচনায় নিয়েছে আইসিজে। বিচারক ইউজি জানান, গণহত্যা নিয়ে আগের মামলাগুলোর সঙ্গে তুলনা করার মতো পর্যাপ্ত বিচারিক নজির না থাকায় আদালতকে দুই পক্ষের দেওয়া প্রমাণের ওপর নির্ভর করতে হয়েছে। সাক্ষীদের জবানবন্দি, তাদের অভিজ্ঞতা এবং কোন পরিস্থিতিতে তারা সাক্ষ্য দিয়েছেন, সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য দেওয়ার কারণে তাদের ওপর প্রতিশোধ নেওয়া হতে পারে কি না, সেই আশঙ্কাও গুরুত্ব পেয়েছে।
বিচারক জানান, ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হওয়া চারজন সাক্ষীর বক্তব্য শুনেছে আদালত। গাম্বিয়ার পক্ষ থেকে দেওয়া সাক্ষীদের বিবরণকে বিশ্বাসযোগ্য বলে মনে করেছে আইসিজে। তাঁদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময়ও চ্যালেঞ্জ করা হয়নি।























