মুক্তির আগেই আয় ১৫০ কোটি ডলারের বেশি
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ভিডিও গেমের দুনিয়ায় ঝড় তোলা ‘গ্র্যান্ড থেফট অটো-সিক্স’ বা ‘জিটিএ সিক্স’। আর এই গেম বাজারে আসার আগেই বা কেউ খেলার আগেই ১৫০ কোটি ডলারের বেশি আয় করেছে এটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, আগাম অর্ডার থেকেই এই বিপুল অর্থ আয় হয়েছে। এমনকি মুক্তির ৯ দিন আগেই প্রি-অর্ডার থেকে আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। সব মিলিয়ে গেমটি মুক্তির আগেই ভিডিও গেমের ইতিহাসে অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিয়েছে।
সংবাদমাধ্যম বলছে, ‘জিটিএ ৬’ গেমটি গেমারদের আবারও নিয়ে যাবে ‘ভাইস সিটি’-তে, যা মায়ামির আদলে তৈরি একটি কাল্পনিক শহর। এছাড়া গেমটির প্রেক্ষাপট হিসেবে যুক্ত হয়েছে ‘লিওনিডা’ নামক একটি বিশাল অঙ্গরাজ্য। গল্পের মূল চরিত্র জেসন ডুভাল এবং লুসিয়া কামিনোস।
সিএনএন বলছে, রকস্টার গেমসের তৈরি কাল্পনিক এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি। সেখানে গাড়ি চুরি, ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি এবং অপরাধের মাধ্যমে পাওয়া অর্থ খরচের সুযোগ পাবেন খেলোয়াড়েরা। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষাও গেমটির প্রতি খেলোয়াড়দের আগ্রহ কমাতে পারেনি। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, মুক্তির আগেই জিটিএ-৬-এর আগাম বিক্রি বা প্রি-অর্ডার থেকে আয় দেড় বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া অন্য গেমগুলোর সঙ্গে তুলনা করলে জিটিএ-৬-এর সাফল্যের মাত্রা একেবারেই আলাদা। মুক্তির ৯ দিন আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেম ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার-২’ মুক্তির আগে একই সময়ে যে আয় করেছিল, জিটিএ-৬-এর আয় তার প্রায় দ্বিগুণ।
এর আগের গেম ‘গ্র্যান্ড থেফট অটো-৫’ও ব্যাপক সাফল্য পেয়েছিল। ২০১৩ সালে মুক্তির পর এটি ওই বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেমে পরিণত হয়। এরপরও প্রতিবছর এই গেম থেকে সিরিজটির আয় হয়েছে কয়েক শ মিলিয়ন ডলার।
এদিকে দীর্ঘদিন ধরে এই সাফল্য ধরে রাখার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে ‘জিটিএ অনলাইন’। এটি জিটিএ-৫-এর একটি অনলাইন মাল্টিপ্লেয়ার সংস্করণ, যা মূল গেমটি মুক্তির কয়েক সপ্তাহ পর চালু করা হয়। জিটিএ অনলাইনে খেলোয়াড়েরা অন্যদের সঙ্গে যুক্ত হয়ে লস সান্তোস ঘুরে দেখতে পারেন। লস অ্যাঞ্জেলেসের আদলে তৈরি এই কাল্পনিক শহরে মূল গেমের মিশন শেষ করার পরও খেলার সুযোগ থাকে।
জিটিএ অনলাইনের মাধ্যমে শুধু গেম বিক্রি করেই নয়, আরও নানা উপায়ে আয় করার সুযোগ তৈরি করেছে রকস্টার গেমস। নতুন কনটেন্ট ও গেমের বিভিন্ন মোড খেলোয়াড়দের বারবার ফিরিয়ে এনেছে। এ ছাড়া গেমের ভেতরে বাড়তি সুবিধা বা সরঞ্জাম কিনতে প্রকৃত অর্থ খরচ করতে পারেন ভক্তরা। গত এক দশকে শুধু জিটিএ অনলাইন থেকেই ৫ বিলিয়ন ডলারের বেশি আয় হয়েছে।
খেলোয়াড়দের এই ধারাবাহিক আগ্রহের কারণেই জিটিএ বিশ্বের অন্যতম বড় গেম সিরিজে পরিণত হয়েছে। সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেমগুলোর মধ্যে রয়েছে ১৯৮৪ সালের জনপ্রিয় গেম ‘টেট্রিস’, নব্বইয়ের দশকের সেরা বিক্রির তালিকায় থাকা ‘পোকেমন’ এবং সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ফার্স্ট-পারসন শুটার গেম সিরিজ ‘কল অব ডিউটি’।
সর্বাধিক বিক্রি হওয়া গেম সিরিজের শীর্ষস্থান দখল করতে গ্র্যান্ড থেফট অটোর আর মাত্র ৪ কোটি কপি বিক্রি বাকি। আর তাই বৃহস্পতিবার নতুন গেমটি মুক্তির পর এই তালিকার চিত্র কেমন দাঁড়ায়, তা এখনই বলা যাচ্ছে না।























