চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার অভিযোগ স্বীকার করলেন এনভিডিয়ার সিইও
সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া-র প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং। এর পরিপ্রেক্ষিতে রোববার (৮ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্তের ঘোষণা দিয়েছে। খবর অ্যাক্সিওসের
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিযোগিতার মধ্যে এই মার্কিন টেক সিইওকে ঘিরে বিতর্ক তৈরি হলো। চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে জোরালো ভূমিকা পালন করে আসছেন হুয়াং।
এনভিডিয়া কর্মীদের উদ্দেশে লেখা একটি ড্রাফট ইমেইলে হুয়াং লিখেছেন, ‘আমি আমার পরিবার এবং আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কাজ তাকে এবং আমাদের সন্তানদের আঘাত করেছে। আমি যা করেছি তার পক্ষে কোনও অজুহাত চলে না।
হুয়াং তার কাজের জন্য ‘সম্পূর্ণ দায়ভার’ স্বীকার করেছেন। এনভিডিয়ার কর্মী, পর্ষদ ও শেয়ারহোল্ডারদের প্রতি তার যে দায়িত্ব ছিল, তা পালনে ব্যর্থ হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও লিখেছেন, ‘এনভিডিয়া পরিচালনা করা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমি এনভিডিয়ার প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের আস্থা পুনরায় অর্জন করতে কাজ করে যাব।’
এদিকে এনভিডিয়ার পর্ষদ জানিয়েছে, বাইরের আইনি পরামর্শদাতাদের সহায়তায় একটি স্বাধীন কমিটি এই বিষয়টি তদন্ত করবে। তবে জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার কোনও কারণ তাদের জানা নেই। তারা হুয়াংয়ের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে।
গত শুক্রবার (৬ নভেম্বর) নিউইয়র্ক টাইমস জানিয়েছে, একজন সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।
টাইমস জানিয়েছে, অ্যালিস হুয়াং নামের ওই নারীকে তথ্য সংগ্রহ করার এবং বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোকে পাশ কাটিয়ে চীনের কাছে এনভিডিয়ার উন্নত চিপ সহজলভ্য করার জন্য তদবির করার কাজে নিয়োগ করা হয়েছিল।
এদিকে বিতর্কের মুখেও হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ‘আমার মনে হয় না সে ভুল কিছু করেছে। কারও সঙ্গে তার কিছু একটা হয়ত ছিল, সবারই থাকে।’ এমনকি আসন্ন এশিয়া সফরেও হুয়াং তার সঙ্গী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।






















