রাশিয়ায় একযোগে ১২০০ ড্রোন দিয়ে হামলা ইউক্রেনের
এক রাতে রাশিয়ার ২০টি অঞ্চলকে লক্ষ্য করে মোট ১ হাজার ২১৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। এর আগে গত ২০ সেপ্টেম্বর ইউক্রেন থেকে একযোগে ১ হাজার ১১০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল বলে জানায় রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বুধবার রাতে আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ১ হাজার ২১৪টি ফিক্সড-উইং ড্রোন আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে।’
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াৎসিয়া জানিয়েছে, ফ্লাইট চলাচলে সুরক্ষা নিশ্চিত করতে মস্কোর ভনুকোভো, দোমোদেদোভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা স্থগিত করা হয়েছিল। অবশ্য পরবর্তীতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি সূত্র জানিয়েছে, ভনুকোভো বিমানবন্দরে সাময়িক নিষেধাজ্ঞার কারণে ইস্তাম্বুল থেকে মস্কোগামী দুটি উড়োজাহাজ মাঝপথ থেকেই ঘুরিয়ে পুনরায় ইস্তাম্বুলে ফিরিয়ে নেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার আরও ১৮টি শহরের বিমানবন্দরে অনুরূপ ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। চলমান যুদ্ধের কারণে রাশিয়ার এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া এসব দাবির বিষয়ে ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য দেয়নি।























