শুটিং করতে গিয়ে আহত প্রিয়ন্তী
দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না প্রিয়ন্তী। তার ভাষ্যে, শুটিংয়ের সময় সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবেই পালন করছিলেন। এটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। তবে সেই মুহূর্তে তাকে যে অসহনীয় ব্যথার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটিও তুলে ধরেছেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখানে কারও কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল। সবাই নিজের কাজটা ঠিকভাবেই করছিলেন। কিন্তু দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি যে ব্যথার মধ্য দিয়ে গিয়েছি, সেটা একদম বাস্তব।’
আঘাতের পর নাক ফুলে গেলেও ভেঙে যায়নি বলে জানিয়েছেন প্রিয়ন্তী। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে প্রিয়ন্তী উর্বী বলেন, ‘আমি তো ভেবেছিলাম হয়তো নাক ভেঙে গেছে। কিন্তু নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে। ফেসেও তেমন কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ, হয়তো আরও অনেক বড় কিছু হতে পারত। ব্যথা আছে প্রচণ্ড।’
আহত হলেও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী, জানালেন তারপরেও গতকাল রাত ২টা পর্যন্ত শুটিং করেছেন এমনকি আজকেও শুটিংয়ে অংশ নিয়েছেন। অভিনেত্রী বললেন, আর একদিন শুটিং করলে কাজটা শেষ হয়ে যাবে। এখন আমার জন্য পরিচালক থেকে শুরু করে টিমের সবার সমস্যা হোক সেটা চাইনি বলেই কাজটা শেষ করে দিতে চাচ্ছি।
জানা গেছে, প্রিয়ন্তী উর্বী এই মুহূর্তে ‘মনের মতো’ নাটকের শুটিং করছেন। রাসেল আজম পরিচালিত এই নাটকে তার বিপরীতে রয়েছেন আরশ খান।























