কবে খুলবে দীঘির কপাল
শিশুকালেই তারকাখ্যাতি। অথচ বড় হয়ে তিনি অনেকটাই ম্লান। প্রার্থনা ফারদিন দীঘির ক্যারিয়ারের গ্রাফ যেন ক্রমশ নিম্নমুখী। নায়িকা হিসেবে ২০২১-এ অভিষেকের পর থেকে এ পর্যন্ত সাফল্যের মুখ দেখা হয়নি। অথচ শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের হার ঈর্ষণীয়। প্রায় দু’বছর ধরে বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে নেই দীঘি। ২০২৪ সালের নভেম্বরে এসেছিল ’৩৬-২৪-৩৬’। রেজাউর রহমানের ওই সিনেমা সেভাবে সাড়া জাগাতে পারেনি। গত বছরের ঈদুল ফিতরে সিনেমা ‘জংলি’তে অভিনয় করেছেন দীঘি, তবে এখানেও তার চরিত্রের ব্যপ্তি সংক্ষিপ্ত। ফলে দীঘিকে সেভাবে পাচ্ছে না দর্শক।
সেই অভাব ঘুচিয়ে দেবে ‘বিদায়’, এমনই প্রত্যাশা ছিল অনেকের। ‘বরবাদ’ খ্যাত মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় অভিনয় করেছেন দীঘি, সঙ্গে আছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো তারকারা। কিন্তু বিধিবাম! সিনেমাটি যেন মুক্তির আলোয় আসতেই পারছে না।
গেল বছরের দুর্গাপূজায় মুক্তির কথা ছিল ‘বিদায়’। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে এ বছর কোরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক হৃদয়। কিন্তু প্রযোজক শাহরিন সুলতানা সুমি রাজি হননি। এর মধ্যে শোনা যায়, সিনেমার শুটিংও নাকি কিছুটা বাকি।
সবশেষে সেপ্টেম্বরের শুরুর দিকে ফের গুঞ্জন ওঠে, এই দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বিদায়’। কিন্তু প্রচার-প্রচারণার কোনো বালাই নেই। ফলে আশঙ্কা তৈরি হয়, আদৌ কি মুক্তি পাবে সিনেমাটি? প্রযোজক সুমি স্পষ্ট ভাষায় জানালেন, এই দুর্গাপূজায়ও মুক্তি পাবে না ‘বিদায়’। কারণ এর একটি গানের চিত্রায়ন বাকি। যেটা তারা বিদেশে করতে চাইছেন। সব কাজ সম্পন্ন হলে আগামী বছরের কোনো এক সময়ে মুক্তি দেওয়া হবে ‘বিদায়’। সেটা কবে? নিশ্চয়তা দেননি প্রযোজকও।
এদিকে ‘বিদায়’ ছাড়া নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যাচ্ছে না দীঘিকে। এ বছরের শুরুর দিকে একটি ওয়েব সিনেমাও করেছেন দীঘি। সুমন ধরের সেই ওয়েবফিল্ম নিয়েও পরে আর কোনো খবর পাওয়া যায়নি।
আপাতত বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই সময় দিচ্ছেন দীঘি। তবে যার শুরুটা অভিনয় দিয়ে, বড় পর্দায় যার স্বর্ণালী অতীত, সেই দীঘির এমন ম্লান হয়ে যাওয়া তার ভক্তদের জন্যও আক্ষেপের। সে আক্ষেপ ঘুচিয়ে নিশ্চয়ই তিনি ফিরবেন চেনা ছন্দে, প্রত্যাশা দর্শকের।
























