সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. আল আমিন (৩০) নামে এক যুবক। বিয়ের মাত্র তিন দিনের মাথায় তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে। তিনি বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে পারিবারিক ওষুধের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
















