সেনবাগে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ট্রাকের ধাক্কা, নিহত ২
সেনবাগে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ট্রাকের ধাক্কা, নিহত ২
নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী কাভার্ডভ্যানে নার্সারিতে গাছের চারা পরিবহনে ব্যবহৃত ট্রাকের ধাক্কা লেগে ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছে। এ সময় ট্রাকে থাকা আরও একজন গুরুতর হয়েছেন।
শুক্রবার ভোরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়েকের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল।
নিহতরা হলো– নার্সারি ব্যবসায়ী আল আমিন (৫৫) ও ট্রাকচালক ফয়সাল (৩৫)। তাদের দুজনের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামে।
আহত ব্যক্তিকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানিয়েছে, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামে আল আমিন অনেক বছর থেকে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা বিক্রি করেন। শুক্রবার ভোরে ট্রাকযোগে চারা নিয়ে নোয়াখালী জেলা শহর মাইজদীতে যাচ্ছিলেন তিনি। পথে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়েকের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে শাহ্ সিমেন্টের একটি কাভার্ডভ্যান দাঁড়ানো ছিল। দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির পেছনে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আল আমিন ও ট্রাকের চালক ফয়সাল নিহত হন।
এ সময় ট্রাকের সামনের আসনে বসা অপর এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকারা জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল বলেন, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



















