জাতিসংঘ মহাসচিব হওয়ার দৌড়ে গ্রিনস্প্যান
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। নির্বাচিত হলে তিনি হবেন সংস্থাটির ইতিহাসে প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব। তবে তার প্রার্থিতায় অন্তত একটি ভেটোর আশঙ্কা রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায় তার জন্য বড় চ্যালেঞ্জ।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের সময়সীমা ৩১ ডিসেম্বর। এ পদে মোট আটজন প্রার্থী রয়েছেন। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য–যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনো একটির ভেটো প্রার্থিতা আটকে দিতে পারে। তবে গ্রিনস্প্যানের বিরোধিতা করছে কোন দেশ, তা গোপন ভোটের কারণে জানা যায়নি।
৭০ বছর বয়সী গ্রিনস্প্যান বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের মহাসচিব। ২০২১ সালে সংস্থাটির প্রথম নারী প্রধান হন তিনি। এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কোস্টারিকার দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অর্থনীতিবিদ গ্রিনস্প্যান দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
কৃষ্ণ সাগরের শস্যচুক্তিতে ভূমিকা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ২০২২ সালে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্রিনস্প্যান। চুক্তির আওতায় প্রায় ৩ কোটি ২০ লাখ টন শস্য রপ্তানি হয়। আঙ্কটাডের তথ্য অনুযায়ী এতে বিশ্ববাজারে খাদ্যের দাম ২২ শতাংশ কমে আসে। ২০২৩ সালে রাশিয়া চুক্তি থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত এটি কার্যকর ছিল।
গ্রিনস্প্যানের মতে, যুদ্ধ নিয়ে দুই পক্ষের মতৈক্য ছাড়াও নির্দিষ্ট বিষয়ে সমঝোতা সম্ভব। মহাসচিব নির্বাচিত হলে জাতিসংঘের মাধ্যমে এমন কূটনৈতিক উদ্যোগ বাড়াতে চান তিনি। তার ভাষায়, জাতিসংঘের সবচেয়ে বড় ঝুঁকি এখন চেষ্টা না করার ঝুঁকি।
ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নে অবস্থান
গ্রিনস্প্যানের বাবা-মা ছিলেন পোল্যান্ডের ইহুদি শরণার্থী। ইসরায়েলে তার পারিবারিক সম্পর্কও রয়েছে। তার বোন সেখানে বসবাস করেন এবং ভাগনে-ভাগনি ইসরায়েলি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন।
গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে গ্রিনস্প্যানের অবস্থান জাতিসংঘের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হামাসের ২০২৩ সালের অক্টোবরের হামলার নিন্দা জানানোর পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। তার নেতৃত্বে আঙ্কটাডের প্রতিবেদনে ইসরায়েলি দখলদারত্ব ও বিধিনিষেধের কারণে ফিলিস্তিনের অর্থনৈতিক ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। চলতি বছরের এক প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফিলিস্তিনের অর্থনীতির সম্ভাব্য ক্ষতির পরিমাণ ২১ হাজার ২২০ কোটি ডলার।
ট্রাম্পের সমর্থনই বড় পরীক্ষা
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের দীর্ঘদিনের কর্মকর্তা হিসেবে পরিচিত গ্রিনস্প্যানকে ট্রাম্প প্রশাসনের কাছে প্রমাণ করতে হবে যে, তিনি সংস্থাটিতে বড় ধরনের সংস্কার আনতে পারবেন। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহকে সমর্থন করেছে বলে কূটনীতিকদের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে। সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটে নুসেইবেহের বিপক্ষে ছয়টি ভোট পড়ে।
যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক এস্থার ব্রিমারের মতে, ট্রাম্পের সমর্থন পেতে গ্রিনস্প্যানকে জাতিসংঘের সংস্কার ও পুনর্গঠনের বিষয়ে স্পষ্ট অঙ্গীকার দেখাতে হবে। গ্রিনস্প্যানও মনে করেন, ৮০ বছর পর জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের পরিবর্তন জরুরি। তার সংস্কার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের প্রত্যাশার সঙ্গে কতটা মেলে, তার ওপরই নির্ভর করতে পারে মহাসচিব পদে তার ভাগ্য। সূত্র: আল-জাজিরা














