কানাডায় ২০২৭ সালে পিআর পাবেন আরও ২ লাখ বিদেশি, অগ্রাধিকার পাবেন যারা
কানাডায় স্থায়ী বসবাসের অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য বড় সুযোগ তৈরি হচ্ছে। ২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ দেয়ার পরিকল্পনা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ১ লাখ সুযোগ রাখা হয়েছে কানাডায় কর্মরত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য; বাকি ১ লাখ দেয়া হবে মানবিক ও পারিবারিক বিবেচনায় থাকা আবেদনকারীদের। বিশেষ এ উদ্যোগের লক্ষ্য, দেশটিতে আগে থেকেই বসবাস ও কাজ করছেন—এমন অভিবাসীদের স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেয়া।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ প্রকাশিত ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, এ উদ্যোগের আওতায় দুটি পৃথক শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষ স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। বিশেষ এ কর্মসূচি শুধু ২০২৭ সালের জন্য নির্ধারিত। এটি নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রার অতিরিক্ত।
প্রথম শ্রেণিতে কুইবেক প্রদেশের বাইরে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ইতোমধ্যে কর্মরত সর্বোচ্চ ১ লাখ মানুষ এবং তাদের পরিবারের যোগ্য সদস্যদের স্থায়ী বসবাসের সুযোগ দেয়া হবে। এ ক্ষেত্রে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে।
বিশেষ করে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্য কর্মী এবং কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা এ উদ্যোগের আওতায় আসতে পারেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ কর্মসূচি, স্বনিয়োজিত ব্যক্তিদের কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি।
এছাড়া দ্বিতীয় শ্রেণিতে মানবিক ও পারিবারিক বিবেচনায় সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেয়া হবে। এ তালিকায় রয়েছেন কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাসের কর্মসূচিতে অপেক্ষমাণ আবেদনকারীরা, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আবেদনকারীরা, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যাদের আবেদন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তান।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাসের অবশিষ্ট আবেদনগুলো নিষ্পত্তির মাধ্যমে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে এবং ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেয়ার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া মানবিক বিবেচনায় নীতিগতভাবে অনুমোদিত সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডায় বসবাসরত নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তান এ উদ্যোগের আওতায় আসতে পারেন।
প্রসঙ্গত, ২০২৭ সালে কানাডার নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার। এর বাইরে অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন করে বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ আনার পরিবর্তে কানাডায় আগে থেকেই বসবাসরত, কর্মরত এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা দেয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এর ফলে দীর্ঘদিনের আবেদনজট কমবে, কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর হবে এবং পরিবার পুনর্মিলনের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার।
উল্লেখ্য, এটি নতুন কোনো অভিবাসন কর্মসূচি নয়। একইভাবে সবার জন্য নতুন করে আবেদন গ্রহণের ঘোষণাও দেয়া হয়নি। নির্দিষ্ট কর্মসূচিতে আগে থেকেই আবেদন করেছেন অথবা ঘোষিত যোগ্যতার আওতায় রয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত সুযোগ রাখা হচ্ছে। যোগ্য আবেদনকারীদের নতুন করে আলাদা আবেদন করতে হবে না; সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় তাদের আবেদন বিবেচনা করা হবে। সূত্র-চ্যানেল 24

























