দুই বিদেশি নারীকে গণধর্ষণ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিচার শুরু
মামলার নথি ও পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালে সিঙ্গাপুরে রাজা দারের সঙ্গে ওই দুই নারীর পরিচয় হয়। সে সময় তারা তাকে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। রাজা দার তাদের প্রস্তাবে সাড়া দিয়ে প্রায় পাঁচ লাখ ডলার বিনিয়োগ করেন। শুরুতে বিনিয়োগের বিপরীতে মুনাফা দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সেখান থেকে তাদের লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। এ সময় বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করেন রাজা দার ও তার সহযোগীরা। একপর্যায়ে দুই নারীর কাছ থেকে জোরপূর্বক ১৯ হাজার ৫০০ ডলার আদায় করা হয় বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া বাকি অর্থ পরিশোধ না করলে তাদের কাঁচ দিয়ে আঘাত করে কিংবা গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এমনকি তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে অর্থ আদায়ের ভয়ও দেখানো হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের বর্ণনা অনুযায়ী, পরবর্তী সময়ে অপহরণকারীরা ওই দুই নারীকে একটি গাড়িতে করে লাহোর বিমানবন্দরের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সুযোগে তারা অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পরবর্তী সময়ে দুই নারী চিকিৎসা পরীক্ষা করান। মেডিকেল পরীক্ষায় তাদের ধর্ষণের শিকার হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়েরের পর তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন। এখন আদালতে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার কথা রয়েছে। আগামী ৯ ডিসেম্বর নির্ধারিত তারিখে সাক্ষীরা হাজির হলে মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।























