স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ভিডিও ফাঁস, জামায়াত নেতার রুকন পদ স্থগিত
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ (৪৬) নামে এক জামায়াত নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ মহানগর জামায়াতের নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, মো. শহীদুল্লাহ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদরাসা অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। সোমবার সকাল থেকে তার একটি ব্যক্তিগত ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হলে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসে মহানগর জামায়াত।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। তিনি ভিডিওটিকে নিজের ব্যক্তিগত বলে দাবি করেছেন। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাঁর রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে মো. শহীদুল্লাহর দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তাঁর মুঠোফোন থেকে ভিডিওটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। সূত্র-ইনকিলাব
























