যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল
যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোরের দিকে জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
পুলিশ জানিয়েছে, মিছিলের ঘটনায় যশোর সদরে ১৭ জন, চৌগাছায় দুজন, মণিরামপুরে তিনজন, শার্শায় দুজন, অভয়নগরে চারজন, কেশবপুরে তিনজন, বাঘারপাড়ায় চারজন, বেনাপোলে চারজন ও ঝিকরগাছায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, রোববার (১ নভেম্বর) ভোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে যশোরে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। মিছিলে অনেকে অংশ নেন। মিছিলের একটি ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওটিতে দেখা যায়, শহরের লালদিঘি থেকে শুরু করে মিছিলটি মাইকপট্টি প্রদক্ষিণ করছে। মিছিলের নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ।























