ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ এনওসি বাতিল
মৎস্য অধিদপ্তর ১০৩টি অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কানক স্বাক্ষরিত ২২ সেপ্টেম্বরের এক চিঠিতে এনওসিগুলো বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় বন্দর দিয়ে ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আশওয়াদুল আলম ।
বেনাপোল পোর্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমিনুল হক বলেন, ‘মৎস্য অধিদপ্তর থেকে অনেকগুলো এনওসি বাতিলের বিষয়ে একটি চিঠি পেয়েছি। হঠাৎ এই সিদ্ধান্তের কারণে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।’
ইলিশ আমদানিকারক জিয়াউর রহমান বলেন, ‘হঠাৎ আমদানি বন্ধের সিদ্ধান্তে আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ভারতের বিভিন্ন গুদামে কেনা ও সংরক্ষণ করা ইলিশ এখন কম দামে সেখানেই বিক্রি করে দিতে হবে। পাশাপাশি আমদানির জন্য ইতিমধ্যে যে আনুষঙ্গিক খরচ হয়েছে, সেটিও আর ফেরত পাওয়া যাবে না।’
বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, বুধবার ১০৩টি এনওসি বাতিলের সরকারি চিঠি তাঁরা পেয়েছেন। নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, গত দুই মাসে—জুলাই ও আগস্টে—বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি, অর্থাৎ প্রায় ৩৫৩ টন ইলিশ আমদানি হয়েছে। এসব ইলিশের আনুমানিক মূল্য ৬ কোটি ৪৩ লাখ টাকা।

























