শিরোনাম:
নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালী
রোববার (২২ নভেম্বর) বিকালে নেত্রকোণার আটপাড়া উপজেলা সদরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোণা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা আজিজুল হক চন্দন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌছিফুল ইসলাম খান, লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্যসচিব নুর খান ফরিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাইয়ুম প্রমুখ।
এর আগে নেত্রকোণা জেলা সদরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তিনি। এতে জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কেন্দুয়া উপজেলা ও স্ব স্ব ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রাত-দিন ড. রফিকুল ইসলাম হিলালী এমপি নিয়মিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছেন।
কর্মসূচির অংশ হিসেবে কেন্দুয়া উপজেলার একটি পৌরসভাসহ সকল ইউনিয়নে ড. রফিকুল ইসলামের নেতৃত্বে মাঠে সক্রিয় নেতাকর্মীরা।
মিছিল ও সমাবেশে ড. রফিকুল ইসলাম হিলালী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে ক্ষত সৃষ্টি করেছেন, বিএনপি তার প্রতিশোধ নেয়নি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কারও বাড়িঘরে হামলা-ভাঙচুরের কোনো নজির নেই। এরপরও কেউ এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী আরও বলেন, বিএনপির সরলতাকে দুর্বলতা ভেবে কেউ দুঃসাহস দেখালে তার পরিণতি ভালো হবে না। সরকারে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরও বলেন, ফ্যামেলী কার্ড বাস্তবায়নের জন্য ইতিমধ্যে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ে ক্রমে সবাই পাবে তাই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা আহবান জানান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে সকলে মিলে জয়যুক্ত করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা লকডাউনের নামে নাশকতা, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দলীয় নেতাকর্মীরা বলেন, সংসদ সদস্যের সরাসরি উপস্থিতি ও নেতৃত্বে রাতভর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা এলাকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এদিকে, সাধারণ মানুষ আশা করছেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্যের ঘটনা ঘটবে না।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সকাল-সন্ধ্যা রাজপথে সক্রিয় অবস্থান স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জনগণের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।























