ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন- ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় মোট ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।























