১৭ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার
চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার ৬০০ কোটি টাকার বেশি। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু মঙ্গলবার (১৭ নভেম্বর)— একদিনেই ৮ কোটি ১০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৭৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ২ শতাংশ।














