ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা
ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিন বয়সী এক নবজাতককে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগে তার মা ফাতেমা বেগমের (১৯) বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিহত শিশুর বাবা সৌরভ হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ফাতেমা বেগমকে একমাত্র আসামি করা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে বসতঘরে রাখা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন। পুলিশের দাবি, নবজাতক অতিরিক্ত কান্নাকাটি করায় বিরক্ত হয়ে তিনি এ ঘটনা ঘটান।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, ঘটনার পরপরই ফাতেমা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তদন্তের পর তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে











