বালুয়াহাট ইজারা নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
বগুড়া প্রতিনিধি:
বগুড়া সোনাতলার বালুয়াহাট বাজারের ইজারা ব্যবস্থাপনা নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বালুয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি স্থানীয় একটি ফেসবুক পেজ “গোধুলী বার্তা”-তে তাকে জড়িয়ে একটি কাঁচামাল ব্যবসায়ীকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ আনা হয়,যা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
তিনি দাবি করেন,হাটের ইজারা কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।তিনি আরও অভিযোগ করে বলেন,বালুয়া ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সদস্য রিমন আহম্মেদ বিকাশ সাংবাদিক পরিচয় ব্যবহার করে ইর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।পূর্বের রাজনৈতিক বিরোধ ও তার সক্রিয় বিএনপি রাজনীতির কারণে প্রতিহিংসাবশত এ ধরনের অপপ্রচার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আনিছুর রহমান বলেন,অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বললে তাকে উচ্ছেদের বিষয়টি তিনি অস্বীকার করেন।পরে তার বক্তব্য ওই সাংবাদিক বিকৃত করে প্রযুক্তির মাধ্যমে ভয়েস কপি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রচার করা হয়েছে,যা তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
তিনি অভিযোগ করেন,এই ঘটনার পেছনে নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটনের যোগসাজশ রয়েছে এবং তার নির্দেশনায় এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, প্রকৃত তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি দূর করতে।তিনি বলেন, “সাংবাদিকতা একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। অপ-সাংবাদিকতা সমাজের জন্য ক্ষতিকর। তাই সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক বাপ্পি,আঃ ছালাম,আঃ রশিদ ও হান্নান প্রমুখ।















