বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নে অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ (৫৬)-কে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
নিহত মোজাম উদ্দিন উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুপচাঁচিয়া–আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মাণাধীন ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোজাম উদ্দিন বিকেলে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে যায়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।



















