পঞ্চমবারের মতো নির্বাচিত কংগ্রেসের ২ মুসলিম নারী
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও জয় পেয়েছেন দেশটির কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিব। মিনেসোটা থেকে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ইলহান ওমর। অন্যদিকে মিশিগান থেকে পঞ্চম মেয়াদে জয় পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। ইসরায়েলের অন্যতম পরিচিত সমালোচক এই দুই ডেমোক্র্যাট সদস্যই দেশটিকে দেয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে আসছেন।
ফক্স নিউজেরপ্রতিবেদনে বলা হয়, অভিবাসনসংক্রান্ত নথি নিয়ে চলমান কেন্দ্রীয় তদন্তের মধ্যেই মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচনে জয় পান সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর। ওয়াশিংটন ডিসিতে তার বাড়িতে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তল্লাশির প্রায় তিন সপ্তাহ পর এ জয় পেলেন তিনি।
২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব শুরু করেন ওমর। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক অঙ্গরাজ্য পুলিশ কর্মকর্তা ৩০ বছর বয়সী জন নাগেলকে হারিয়েছেন তিনি।
তবে নির্বাচনে জয় এলেও তার সামনে কেন্দ্রীয় তদন্তের বিষয়টি নিয়ে নতুন আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গত ১২ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে ওমরের বাড়িতে তল্লাশি চালান যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) কর্মকর্তারা।
তার নাগরিকত্বের আবেদনসহ অভিবাসনসংক্রান্ত নথিতে তিনি বা তাঁর বাবা কোনো তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই তল্লাশিতে ওমরের মোবাইল ফোন, পাসপোর্ট ও কম্পিউটার জব্দ করা হয়। তদন্তকারীরা তার ডিএনএ নমুনাও সংগ্রহ করেন বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্ভাব্য অভিবাসন জালিয়াতির অভিযোগে ২০১৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের শেষ সময়ে এফবিআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত শুরু হয়েছিল। ফক্স নিউজের একটি সূত্রের দাবি, জো বাইডেনের প্রশাসনের সময় ২০২১ সালে তদন্তটি বন্ধ করে দেয়া হয়। তবে ওমর সব ধরনের অনিয়মের অভিযোগ বারবার অস্বীকার করেছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগও আনা হয়নি। তদন্ত নিয়ে প্রশ্নের জবাবে তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যে তাকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন।
তদন্ত ও বিতর্কের মধ্যে ওমর অনলাইনে প্রচারণা চালিয়ে সমর্থকদের কাছে অনুদানও চান। মঙ্গলবারের জয়ের পর তাকে যে ব্যয়বহুল আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হতে পারে, তা মোকাবিলায় অর্থ সংগ্রহের কথা জানান তিনি।
অন্যদিকে, মিশিগান থেকে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন রাশিদা তালিব। আনাদোলুর খবর থেকে জানা যায়, তিনি রিপাবলিকান প্রার্থী জেমস ডি হুপারকে পরাজিত করেন। কংগ্রেসে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী তালিব।
ইলহান ওমর ও রাশিদা তালিব- দুজনই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন। তারা ইসরায়েলকে দেয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই মধ্যবর্তী নির্বাচনে ভোট হয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে ২১৮টি আসন পেতে হবে। ভোট গণনা চলার মধ্যে এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ২৩১টি এবং রিপাবলিকানরা ১৩৯টি আসনে জয় পেয়েছেন।





















