তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।
পিবিআই গত বছরের ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। তবে পিবিআইয়ের ওই প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন বাদী। পরে সেই আবেদন মঞ্জুর করে মামলাটি সিআইডির কাছে অধিকতর তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
যে শাড়ি নিয়ে মামলার সূত্রপাত
মামলার অভিযোগ অনুযায়ী, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা।
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানজিন তিশার সঙ্গে দেখা হলে আবারও শাড়িটি ফেরত চান সানায়া। তবে তখনো শাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ।
এ ছাড়া গত বছরের ১০ নভেম্বর মেসেঞ্জারে ফোন করে তানজিন তিশা তাকে মামলা করার এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেন বলে অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
মামলাটিতে আগে পিবিআইয়ের তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানানো হয়েছিল। এখন বাদীর নারাজি আবেদনের পর সিআইডির অধিকতর তদন্তে অভিযোগগুলোর বিষয়ে কী উঠে আসে, সেদিকেই নজর থাকবে।
























