‘জিটিএ সিক্স’ খেলতে লাখ টাকা গুনতে হবে
দীর্ঘ অপেক্ষার পর গেমারদের উন্মাদনা বাড়িয়ে রকস্টার গেমস তাদের বহুল প্রতীক্ষিত গেম ‘জিটিএ সিক্স’ বা গ্র্যান্ড থেফট অটো সিক্স-এর মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করেছে। আগামী ১৯ নভেম্বর গেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে চলেছে। তবে আপাতত এটি শুধু কনসোল গেমারদের জন্যই উন্মুক্ত করা হচ্ছে। গেমটি প্রাথমিকভাবে প্লে স্টেশন ৫ (পিএস৫) এবং এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলে সাপোর্ট করবে।
বাংলাদেশে যারা কনসোলে গেমটি খেলতে চান, তাদের জন্য প্লে স্টেশন ৫ অন্যতম সেরা পছন্দ। দেশে বর্তমানে বিভিন্ন কনসোল ও এর এক্সেসরিজের দামের বেশ ওঠানামা রয়েছে। বহু পরিচিত প্রযুক্তি ও গেমিং দোকানগুলো থেকে গেমাররা প্লে স্টেশন ৫ কিনতে (PS5) পারবেন। মডেল ও স্টোরেজ ভেদে, বিশেষ করে ডিজিটাল, স্লিম বা প্রো সংস্করণের ওপর ভিত্তি করে দেশে পিএস৫-এর দাম বর্তমানে ৯০ হাজার থেকে এক লাখের আশেপাশে র
কনসোল তো হলো, কিন্তু আসল খরচ লুকিয়ে আছে গেমের কপিতে। আন্তর্জাতিক বাজারে জিটিএ সিক্স-এর স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ৭০ ডলার বা তার কাছাকাছি হতে পারে, তবে স্পেশাল বা কালেক্টরস এডিশনগুলোর দাম আরও অনেক বেশি। বাংলাদেশে অনলাইনে ইতোমধ্যে বিভিন্ন থার্ড পার্টি আইটি কোম্পানি গেমটির কপি বিক্রি করছে। যেখান থেকেই কেনা হোক, এই গেমের ডিজিটাল আইডি কিনতে গেমারদের বেশ ভালো অংকের টাকা গুনতে হবে। বলে রাখা ভালো, এবার কোনো ট্র্যাডিশনাল গেম ডিস্ক বা সিডি থাকছে না; তার বদলে গেমাররা পাবেন একটি ডিজিটাল ডাউনলোড কোড। প্লেস্টেশন ৫ (PS5) ব্যবহারকারীরা সরাসরি প্লেস্টেশন স্টোর থেকে কিংবা দোকান থেকে পাওয়া এই ১২ ডিজিটের কোডটি রিডিম করে সহজেই গেমটি কনসোলে ডাউনলোড করে নিতে পারবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতি কপির দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ১০ থেকে ১৪ হাজার টাকা। (সূত্র বিবিসি)
তবে কনসোল গেমাররা নভেম্বরেই গেমটির স্বাদ পেলেও ডেস্কটপ পিসি গেমারদের জন্য রয়েছে হতাশার খবর। জিটিএ সিক্স কবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা পিসির জন্য মুক্তি পাবে, তা নিয়ে রকস্টার গেমস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। প্রতিষ্ঠানটির অতীত ইতিহাস ঘাটলে দেখা যায়, কনসোলে গেম মুক্তির অন্তত এক থেকে দুই বছর পর তারা পিসি সংস্করণ বাজারে আনে। সেই হিসেবে জিটিএ সিক্স-এর পিসি ভার্সনটি ২০২৭ সালের শেষদিকে অথবা ২০২৮ সালে মুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে দেরিতে হলেও ডেস্কটপে জিটিএ সিক্স খেলার জন্য পিসি গেমারদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা যেতে পারে। গেমটি চালানোর জন্য ন্যূনতম কনফিগারেশন হিসেবে ইনটেল কোর আই৫-৯৬০০কে বা এএমডি রাইজেন ৫ ৩৬০০ প্রসেসর, এনভিডিয়া জিটিএক্স ১৬৬০ বা আরটিএক্স ৩০৬০ গ্রাফিক্স কার্ড, ১৬ জিবি র্যাম এবং অন্তত ১৫০ জিবি এসএসডি স্টোরেজ ফাঁকা থাকতে হবে। তবে আল্টিমেট গ্রাফিক্স এবং স্মুথ পারফরম্যান্স পেতে চাইলে এর চেয়ে অনেক বেশি শক্তিশালী পিসি প্রয়োজন। সেক্ষেত্রে ইনটেল কোর আই৭-১২৭০০কে বা রাইজেন ৭ ৫৮০০এক্স প্রসেসরের সাথে এনভিডিয়া আরটিএক্স ৩০৭০ বা আরটিএক্স ৪০৭০-এর মতো দামি গ্রাফিক্স কার্ড এবং ৩২ জিবি ডিডিআর৫ র্যাম প্রয়োজন হবে।
এই আল্টিমেট কনফিগারেশনের ডেস্কটপ পিসি বাংলাদেশে বিল্ড করতে গেলে গেমারদের বেশ বড় অংকের বাজেট হাতে রাখতে হবে। বর্তমানে দেশের বড় বড় টেক শপগুলো থেকে আরটিএক্স ৪০৭০ বা এর সমমানের গ্রাফিক্স কার্ড এবং আনুষঙ্গিক হাই-এন্ড পার্টস দিয়ে একটি শক্তিশালী গেমিং পিসি তৈরি করতে ২ লাখ থেকে ৩ লাখ টাকার বেশি খরচ হয়ে যায়।
সব মিলিয়ে একজন গেমার হিসেবে জিটিএ সিক্স খেলতে চাইলে আপনাকে বড়সড় একটি খরচের ধাক্কা সামলাতে হবে। কনসোলে খেলতে চাইলে কনসোল ও গেমের কপি মিলিয়ে আপনার মোট খরচ দাঁড়াবে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকার মতো। অন্যদিকে, ভবিষ্যতে ডেস্কটপ পিসিতে সর্বোচ্চ গ্রাফিক্সে গেমটি উপভোগ করতে চাইলে একটি হাই-এন্ড পিসি এবং গেমের কপি মিলিয়ে আপনাকে ২ লাখ ১০ হাজার থেকে ৩ লাখ টাকারও বেশি বাজেট হাতে রাখতে হবে।

























