বগুড়ায় সুইপারদের ওপর হামলা: অভিযুক্ত অনিকের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় সুইপার সম্প্রদায়ের সদস্য সুনীল বাসফোরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মো. অনিককে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
রোববার তারা বগুড়া সদর থানা’র অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে লিখিত স্মারকলিপি দেন এবং অভিযুক্তকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। পরে থানার ভেতরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে হরিজন সম্প্রদায়ের সভাপতি দীপক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজকের মধ্যে আসামিকে গ্রেফতার করা না হলে সোমবার থেকে বগুড়ায় তাদের সকল কার্যক্রম বন্ধ রাখা হবে। পাশাপাশি আসামির বাড়িঘর উচ্ছেদের কর্মসূচিও ঘোষণা করা হবে।
বক্তারা অভিযোগ করেন, সুনীল বাসফোরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে হরিজন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
















