চাটখিল ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি পদে শিবির নেতা
চাটখিল ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি পদে শিবির নেতা
নোয়াখালীর চাটখিলে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এ ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে।
জানা গেছে, চাটখিল উত্তর থানা শিবিরের অফিস সম্পাদক শেখ ফরিদকে ছাত্রদলের চাটখিল কামিল মাদরাসা শাখার সহ-সভাপতি ঘোষণা করা হয়।
তবে ফরিদ নিজেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাকে না জানিয়েই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে শিবিরের সক্রিয় কর্মী এবং চাটখিল উত্তর থানা শাখার দায়িত্ব পালন করছেন।
ফরিদের অভিযোগ, “২০২০ সালে চাটখিল কামিল মাদরাসা থেকে বিদায় নিয়েছি। তাই ওই কমিটিতে আমার নাম থাকার কোনো যৌক্তিকতা নেই।”
এ বিষয়ে কমিটির সভাপতি ফাহাদ হোসেন দাবি করেন, ফরিদ নিজেই তার তথ্য দিয়েছেন। তবে তিনি শিবিরের সঙ্গে যুক্ত—এ কথা জানাননি। অপরদিকে, শিবির নেতারা অভিযোগ করেছেন, ছাত্রদল লোক সংকটে যাকে-তাকে কমিটিতে নিচ্ছে।
ঘটনা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ বলেন, “আমরা মাঠপর্যায়ে যাচাই-বাছাই করেই কমিটি করি। তবে কেউ তথ্য গোপন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক একযোগে সারাদেশে ৭০টি নতুন কমিটি ঘোষণা করেন। তার মধ্যে চাটখিল কামিল মাদরাসা শাখার কমিটিও প্রকাশিত হয়।


























