চালকের চোখে ঘুম…মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু
চালকের চোখে ঘুম…মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে ঘুমিয়ে পড়া চালকের অসতর্কতায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পূর্ব চন্দ্রগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), ভাবি লাবনী (৩০), ভাতিজি রেশমী (৮), লামিয়া (৯), ফয়জুন্নেসা, মেয়ে মিম, স্ত্রী কবিতা (২৪) এবং বাহারের ৮০ বছরের বৃদ্ধ নানী। তারা লক্ষীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লী গ্রামের বাসিন্দা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, ওমান থেকে ফেরা বাহার উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা ঢাকা বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে গজদীশপুর এলাকায় চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি খালে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।
ওসি মোবারক হোসেন ভূঁইয়া আরও জানান, চালকের চোখে ঘুম আসায় দুর্ঘটনাটি ঘটে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের একসাথে সাতজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়রা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
















