আজ একনেকে উঠছে ১৪ প্রকল্প
প্রকল্প দুটির মধ্যে ঢাকার পাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবি ঋণ দেবে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ১৮৩ কোটি টাকা।
বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।
প্রকল্পের নথি অনুযায়ী, ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৯ হাজার ৭৬০ এমভিএ। বর্তমানে চলমান প্রকল্পসহ মোট সক্ষমতা রয়েছে ছয় হাজার ৯৩০ এমভিএ।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে সাত হাজার ৩৭০ এমভিএ। বর্তমানে সক্ষমতা রয়েছে পাঁচ হাজার ২৯৪ এমভিএ। অর্থাৎ ঘাটতি দুই হাজার ৭৬ এমভিএ। এ ঘাটতি মোকাবেলায় ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে এক হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
দুটি প্রকল্পেই শুধু উপকেন্দ্র নির্মাণ নয়, বিতরণব্যবস্থার আধুনিকায়নে বড় ধরনের অবকাঠামোগত কাজ করা হবে। ঢাকার আশপাশের এলাকায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ, ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, চার হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৯০টি নতুন উপকেন্দ্রের পাশাপাশি ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার লাইন নির্মাণ ও উন্নয়ন, ছয়টি সুইচিং স্টেশন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে এসসিএডিএ ব্যবস্থা স্থাপন করা হবে। এ ছাড়া ফল্ট লোকেটর স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করে সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্প দুটির মাধ্যমে বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস কমানোরও লক্ষ্য রয়েছে। ঢাকার আশপাশের এলাকায় সিস্টেম লস ৫.১ শতাংশ থেকে ৪.৫৭ শতাংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ১০.৩৫ শতাংশ থেকে ৮.৪০ শতাংশে নামানোর পরিকল্পনা করা হয়েছে।
এদিকে একনেকের আজকের সভায় মোট ১৪টি প্রকল্প উপস্থাপনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও সড়ক পরিবহন বিভাগের প্রকল্প রয়েছে। পাশাপাশি পরিকল্পনামন্ত্রী অনুমোদিত আরো সাতটি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হবে।






















