বিরোধীদলকে সঙ্গে নিয়ে আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “প্রয়োজন হলে সংবিধান সংশোধন করে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে।
শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে তাদের পুনরুত্থানের সুযোগ নেই। দীর্ঘ আন্দোলনের পর দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাঁবেদারি করবে না।”
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে দেশের কয়েকটি স্থানে পেট্রল বোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।” এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি আবারও নিজেদের চরিত্র প্রকাশ করেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, “অতীতে অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দলটি দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে সারাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে।” অন্তর্বর্তীকালীন সরকারের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে সঠিক ও যৌক্তিক বলে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম আরও বলেন, এখন নতুন করে বিষয়টি ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে।
থানা ও সরকারি প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো এলাকার মানুষ যদি মনে করেন সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না। একইভাবে সরকারি অফিস, আদালত ও উন্নয়ন কার্যক্রমের বিষয়েও জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তার স্মৃতি ধরে রাখা, মানুষের হৃদয়ে অম্লান রাখা এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করা হয়েছে।
রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন। দেশের সব এলাকার মানুষের সমান অধিকার রয়েছে। কোনো অঞ্চলে আন্তর্জাতিক মানের খেলার আয়োজন যেমন গৌরবের, তেমনি সেখানকার দর্শকদেরও আন্তর্জাতিক খেলা উপভোগ করার অধিকার রয়েছে।






















