বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
অংশীদারিত্ব, স্থিতিশীলতা ও টেকসই অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষ। বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। সাক্ষাতে প্রতিমন্ত্রীর সাম্প্রতিক দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত লটজ দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন; এক্ষেত্রে তিনি বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, এভিয়েশন বা বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরেন এবং দেশের বিনিয়োগ-বান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করেন।
এই বৈঠকে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, অব্যাহত উচ্চ-পর্যায়ের সম্পৃক্ততা বাংলাদেশ-জার্মানির দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গতিশীল করবে।


















