নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম
নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম
নায়িকা বানানোর প্রলোভন ও বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এমন তথ্যের ভিত্তিতে শাজাহানপুর থানা-পুলিশ সেখানে অবস্থান নেয় এবং পরে তাঁকে আটক করে।গ্রেপ্তারের পর হিরো আলমকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হলে বিচারক আনোয়ারুল হক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশি প্রহরায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলা নামের এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে হিরো আলম দীর্ঘদিন ধরে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করেন। পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী গত বছরের ২১ এপ্রিল বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



















