১ টি স্বর্ণের বারসহ যশোরে পাচারকারী আটক
১ টি স্বর্ণের বারসহ যশোরে পাচারকারী আটক
যশোরের বাউলিয়া বাজার এলাকা থেকে ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ০১ টি স্বর্ণের বারসহ ০১ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ০১ (এক) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল।
সে আরো জানায় ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে সাতক্ষীরায় গমন করছিল। আটককৃত স্বর্ণের মূল্য ৬৯,৩৯,২১২/-(উনসত্তর লক্ষ উনচল্লিশ হাজার দুইশত বার) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা এবং নগদ ৩৭৫/-টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ৬৯,৫৪,৫৮৭/- (উনসত্তর লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত সাতাশি) টাকা।
আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ ইমরান হোসেন (৪২), পিতঃ ইব্রাহিম হোসেন, গ্রামঃ সরকারপাড়া, ডাকঘর-সাতক্ষীরা, থানাঃ সাতক্ষীরা, জেলাঃ সাতক্ষীরা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।










