হাসিনাকে প্রত্যর্পণে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে (প্রত্যর্পণ) এখন পর্যন্ত বাংলাদেশকে কোনো শর্তের কথা জানায়নি ভারত সরকার।সোমবার (১৬ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ জোর দিয়ে বলেন, “অন্য যেকোনো দণ্ডিত ব্যক্তির মতোই শেখ হাসিনাকেও তার সাজা ভোগ করার জন্য বাংলাদেশে ফিরে আসতে হবে।”
তবে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ের চেয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ।
চলমান বিভিন্ন জল্পনা-কল্পনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ স্পষ্ট করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার যদি কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়, তবে বর্তমান বাংলাদেশ সরকার তা পর্যালোচনা করে দেখবে।
এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত যাচাইহীন প্রতিবেদনগুলোকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন শামা ওবায়েদ। তিনি দাবি করেন, দলটি অতীতে যে ধরনের কর্মকাণ্ড চালাত, বর্তমানেও তারা সেই একই ধারা অব্যাহত রেখেছে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চললেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। এরপর থেকে দেশটিতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেছেন আইনি পরামর্শকরা। পরিপ্রেক্ষিতে ব্যাপকভাবে আলোচনায় এসেছে ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’।
ইতোমধ্যে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায়, হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চায় ভারত সরকার। এজন্য দুটি শর্ত দেওয়া হয়েছে।
প্রথম শর্ত: হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্রাফটে। তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে।
অর্থাৎ বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে হাসিনাকে দিল্লি থেকে নিয়ে আসতে পারে। আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও বাংলাদেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এজন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্ত: হাসিনা যাতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।
তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতিমাত্রায় সতর্ক থাকতে চাচ্ছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।






















