সড়ক দুর্ঘটনা: জন্মদিনের আনন্দ পরিণত হলো বিষাদে
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে সড়ক দুর্ঘটনায় চার সন্তানের মধ্যে দুই সন্তান ও এক নাতিকে হারিয়েছেন আরিফা। দুর্ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও শোক কাটিয়ে উঠতে পারছেন না তিনি। খালিজ টাইমসকে তিনি বলেন, ‘কী ঘটেছে, তা আমি এখনও বুঝে উঠতে পারছি না।
ফুজাইরাহ হাসপাতালের পাশে এক বছর বয়সী নাতির কক্ষে কাছে বসেছিলেন আরিফা। দুর্ঘটনায় শিশুটির পা ভেঙে গেছে। তার পাশে হুইলচেয়ারে বসেছিলেন মেয়ে ফারসানা। তার এক হাতে প্লাস্টার করা, মুখেও আঘাতের চিহ্ন। তাদের সঙ্গে ছিলেন আরিফার ভাইয়ের মেয়ে ফাহমিদা।
আরিফার ২১ বছর বয়সী যমজ সন্তান মোহাম্মদ আসমিল ও মিসনা জুবিন এবং তিন বছর বয়সী নাতি মোহাম্মদ ফায়েজ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। পরিবারটি ফাহমিদাকে বাড়িতে পৌঁছে দিতে শারজাহ গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা।
ঘটনার স্মৃতিচারণ করে আরিফা বলেন, ‘আমরা চা খাওয়ার জন্য মলেইহায় থেমেছিলাম। এরপর আবার যাত্রা শুরু করি। ফুজাইরাহতে ঢুকে পড়ার পর আমার ক্লান্ত লাগছিল। আমি সামনের আসনে ছেলের পাশে বসেছিলাম। তাকে বলেছিলাম, ক্লান্ত লাগছে, তাই আসনে হেলান দিয়ে বসব।
এরপর তার মনে আছে শুধু বজ্রপাতের মতো একটি শব্দ। আরিফা বলেন, ‘চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। কাউকে দেখতে পাচ্ছিলাম না। দরজার হাতল খুঁজে সেটি খুলে হামাগুড়ি দিয়ে বাইরে বের হই। এরপর দেখি, আমার সন্তানরা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ছোট নাতিকে খুঁজে পেয়ে অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত তাকে বুকে জড়িয়ে ধরে রাখি। অক্টোবরের শেষ দিকে চিকিৎসার জন্য আরিফা ও তার স্বামী সিদ্দিক ভারতে গিয়েছিলেন। তখন মোহাম্মদ ও মিসনাকে রেখে যান তারা। যমজ দুই ভাইবোনের সঙ্গে থাকতে ফাহমিদা ফুজাইরাহতে গিয়েছিলেন।
জন্মদিনের দুই দিন পরই মৃত্যু
গত ৯ নভেম্বর যমজ দুই ভাইবোনের ২১তম জন্মদিন ছিল। ফাহমিদা বলেন, ‘আমরা একসঙ্গে বাইরে রাতের খাবার খেতে গিয়েছিলাম। অনেক আনন্দ করেছি।’ গেল বুধবার সকালে আরিফা ও সিদ্দিক ফারসানা এবং তার সন্তানদের নিয়ে ভারত থেকে ফিরে আসেন। সেদিন সন্ধ্যায় ফাহমিদাকে বাড়িতে পৌঁছে দিতে পরিবারের সদস্যরা গাড়ি নিয়ে শারজাহ যান। ফাহমিদা বলেন, ‘তারা আমাকে নামিয়ে দেয়ার পর আমি ঘুমাতে যাই। রাত দেড়টার দিকে এক আত্মীয় ফোন করে দুর্ঘটনার খবর জানান। সঙ্গে সঙ্গে আমার স্বামী ও আমি ফুজাইরাহর উদ্দেশে রওনা হই।’
সত্তরের দশকের শেষ দিক থেকে ফুজাইরাহতে বসবাস করছেন সিদ্দিক। সেখানে তার ‘ইভা’ নামে একটি ক্যাফেটেরিয়া ও রেস্তোরাঁ রয়েছে। মোহাম্মদ সেটি পরিচালনা করতেন এবং প্রতিদিন সেখানে থাকতেন। সিদ্দিক বলেন, ‘মোহাম্মদ ও মিসনা দুজনই অনলাইনে স্নাতক পর্যায়ের পড়াশোনা করছিল। তাই তাদের সময়সূচি ছিল নমনীয়। মোহাম্মদ সবার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত। নিয়মিত ক্রেতারাও সবাই তাকে চিনতেন।’
যমজ দুই সন্তানের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা স্মরণ করে সিদ্দিক বলেন, ‘তারা খুব ঘনিষ্ঠ ছিল। একজনের মনে কী চলছে, তা অন্যজন সব সময় বুঝতে পারত। হয়তো এ কারণেই তারা পৃথিবী থেকেও একসঙ্গে চলে গেল।’
নাতির সঙ্গে ছিল বিশেষ বন্ধন
আরিফা জানান, ছোট্ট ফায়েজের সঙ্গে মিসনার গভীর সম্পর্ক ছিল। তিনি বলেন, ‘মিসনা সব সময় তাকে কোলে নিয়ে ঘুরত। দুর্ঘটনার সময়ও সে এ কারণেই মিসনার কোলে ছিল।’
ফাহমিদাও বলেন, ‘দূরে থাকলেও ভাগনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মিসনা। তাদের মধ্যে খুব বিশেষ বন্ধন ছিল। প্রতিদিন ভিডিও কলে কথা বলত তারা। ভাগনের বকবকানি শুনে মিসনা খুব আনন্দ পেত।’
ফারসানার ১২ বছর বয়সী বড় সন্তানও এখনো হাসপাতালে চিকিৎসাধীন। সিদ্দিক জানান, শিশুটির কিছু আঘাত রয়েছে এবং পরবর্তী চিকিৎসা নিয়ে চিকিৎসকেরা এখনো আলোচনা করছেন।
এই দম্পতির বড় ছেলে আজমল সংযুক্ত আরব আমিরাতের একটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানে কাজ করেন। সিদ্দিক বলেন, ‘আমরা তার জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছিলাম। সবকিছু ঠিক করতে তিন মাস পর পরিবারের সবাই মিলে ভারতে যাওয়ার পরিকল্পনাও করছিলাম।’























