নেতানিয়াহুর রাজনৈতিক জীবন শেষ: আইজেনকোট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজনীতি থেকে অবসরের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলের নেতা গাদি আইজেনকোট। ভোটাররা নেতানিয়াহুর নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি ইসরায়েলের নিরাপত্তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে তেল আবিবে তার দল য়াশার-এর সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে আইজেনকোট বলেন, ইসরায়েলের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তিনি সমাজের সব শ্রেণির প্রতিনিধিত্বকারী একটি সরকার গঠনের জন্য অংশীদারদের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
তিনি বলেন, আবারও একটি নির্বাচনের দিকে যাওয়া ভুল সিদ্ধান্ত হবে। জনগণের চাওয়া পূরণ করতে সম্ভাব্য সবকিছু করা আমার দায়িত্ব। চূড়ান্ত ফলাফল এখনো প্রক্রিয়াধীন রয়েছে স্বীকার করে আইজেনকোট বলেন, নেতানিয়াহুর ক্রমাগত শাসনের বিরুদ্ধে এখন একটি বৃহত্তর ও শক্তিশালী ‘সিয়োনিস্ট সংখ্যাগরিষ্ঠতা’ অবস্থান নিয়েছে।
সরাসরি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার রাজনৈতিক প্রয়োজনে ইজরায়েলের নিরাপত্তাকে ব্যবহার করার দুঃসাহস করবেন না।
একইসঙ্গে তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের স্মরণ করিয়ে দেন যে, নেতানিয়াহু এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের দায়িত্ব হলো সাধারণ জনগণের সেবা করা। নিরাপত্তা প্রধানদের প্রতি সমর্থন জানিয়ে তিনি তাদের ওপর আসা যেকোনো রাজনৈতিক চাপ দৃঢ়ভাবে মোকাবেলা করার আহ্বান জানান।
আইজেনকোট ঘোষণা করেন যে, বিভাজন ও উসকানির যুগের অবসান ঘটেছে এবং তিনি সামরিক বাধ্যতামূলক অন্তর্ভূক্তির ওপর জোর দিয়ে একটি সিয়োনিস্ট সরকার গঠনের প্রতিশ্রুতি দেন।
১২০ আসনবিশিষ্ট নেসেটের ওপর চ্যানেল ১৩-এর সংশোধিত বুথফেরত জরিপে দেখা যায়, নেতানিয়াহুর জোট এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট উভয়ই ৫১টি করে আসন পাচ্ছে এবং আরব দলগুলো ১৮টি আসন পেতে পারে।
এর আগে চ্যানেল ১২-এর প্রক্ষেপণে আইজেনকোটের জোটকে ৫২টি, নেতানিয়াহুর জোটকে ৫০টি এবং আরব দলগুলোকে ১৮টি আসন দেওয়া হয়েছিল। তবে কোনো প্রক্ষেপণেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো জোটই অর্জন করতে পারেনি।
চ্যানেল ১২ আরও জানায়, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ পরবর্তী সরকার গঠনের জন্য আইজেনকোটকে দায়িত্ব দিতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফল এবং সংসদীয় দলগুলোর সুপারিশের ওপর নির্ভর করবে। আগামী ৪ নভেম্বর সরকারি ফলাফল ঘোষণা করা হতে পারে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
























